২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত
অবিরাম বৃষ্টিতে স্থবির ঢাকা, জলজট-যানজটে চরম ভোগান্তি

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর রোববার সকালেও থামেনি বর্ষণ। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজট ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী এবং নিত্যযাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছেছেন। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। সড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রীর চাপ ছিল অনেক বেশি। প্রায় প্রতিটি বাসস্ট্যান্ডেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। বাস থামার সঙ্গে সঙ্গে ওঠার জন্য তৈরি হয় হুড়োহুড়ি। অনেকেই একাধিক বাস ছেড়ে দিয়েও উঠতে পারেননি।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে ছাতা হাতে কিংবা ভিজে অবস্থায় যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। বাসে আসন পাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে যাতায়াত করাও কঠিন হয়ে পড়ে। নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে দেখা গেছে। অনেকেই ভিজে কাপড়েই কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দেন।

অবিরাম বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে যায়। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লেগেছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচল আরও ব্যাহত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আকাশ সারাদিন মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য