রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার দুইজন কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার হওয়া আরও দুই ব্যক্তিকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই ব্যক্তি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম।
দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষ হলে যাত্রাবাড়ী থানা-পুলিশ তাদের আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এ বি সিদ্দিক তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাসুম।
এর আগে গত ৮ জুলাই সাবির ও তানিমকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এরও আগে একই অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও চারজনসহ তাদের প্রথম দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে ৮ জুলাই ওই চারজনকে কারাগারে পাঠানো হয়। তারা হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ জুলাই ভোর ৬টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কয়েকজন সদস্য প্রশিক্ষণের উদ্দেশ্যে জড়ো হয়েছেন বলে খবর পায় পুলিশ।
তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সেখানে সমবেত হওয়ার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্রেপ্তার ব্যক্তিরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। তদন্তের মাধ্যমে বিষয়টি আরও যাচাই করা হচ্ছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য