সৌদি মন্ত্রিসভায় বড় রদবদল

সৌদি আরবের প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। নতুন রাজকীয় ডিক্রির মাধ্যমে মন্ত্রিসভায় একাধিক দায়িত্বে রদবদল করা হয়েছে। এতে নতুন দায়িত্ব পেয়েছেন কয়েকজন কর্মকর্তা, আবার কয়েকজনকে সরিয়ে দেওয়া হয়েছে আগের পদ থেকে।
শনিবার (১১ জুলাই) জারি করা এই ডিক্রিতে বর্তমান জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমানকে শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বন্দর আলকোরায়েফকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাকে মিনিস্টার অব কাউন্সিলে অন্তর্ভুক্ত করে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই ডিক্রিতে সামরিক শিল্প কর্তৃপক্ষের গভর্নর আহমেদ আল ওহালিকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তার স্থানে গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক শিল্প ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী বন্দর আলকোরায়েফ।
এ ছাড়া ডেপুটি পাবলিক প্রসিকিউটর সালান বিন সালানকে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রয়্যাল কোর্টের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদটি মন্ত্রীর মর্যাদাসম্পন্ন।
আরেকটি পৃথক নিয়োগে ইশহান বিন আব্বাস বাফাগিহকে জেদ্দা প্রদেশের সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদটিও মন্ত্রীর সমমর্যাদার।
সূত্র: আরব নিউজ








মন্তব্য