কঙ্গোফেরত মার্কিন সহায়তাকর্মীর শরীরে ইবোলা শনাক্ত

আফ্রিকার দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে কর্মরত এক মার্কিন মানবিক সহায়তাকর্মীর শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিডিসি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি ইবোলা ভাইরাসের বান্ডিবুগিও ধরনের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রোগটির বিস্তার ঠেকাতে কঙ্গোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রোগীর কর্মস্থল এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কার্যক্রমও চলছে।
তবে আক্রান্ত ব্যক্তির পরিচয় কিংবা তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কঙ্গো সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৩০ জন। এর মধ্যে মারা গেছেন ৬৪৮ জন।
সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ইবোলায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। দেশটির সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি এখনো কম। সংস্থাটির ভাষ্য, বর্তমান প্রাদুর্ভাব কঙ্গোর দুর্গম অঞ্চল এবং প্রতিবেশী উগান্ডার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম।
এর আগে চলতি বছরের মে মাসে কঙ্গোতে কর্মরত আরেক মার্কিন চিকিৎসক ইবোলায় আক্রান্ত হয়েছিলেন। পরে তাকে জার্মানিতে নেওয়া হলে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এ ছাড়া গত মাসে কঙ্গো থেকে ফিরে ফ্রান্সে এক মানবিক সহায়তাকর্মীর শরীরেও ইবোলা শনাক্ত হয়। সিএনএনের তথ্য অনুযায়ী, চলমান এই প্রাদুর্ভাবের মধ্যে আফ্রিকার বাইরে শনাক্ত হওয়া এটিই ছিল প্রথম ইবোলা রোগী।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য