৪৮ ঘণ্টায় ই-ভিসা, বাংলাদেশিদের জন্য সৌদির নতুন সুবিধা

বাংলাদেশিসহ সাত দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় আলাদা করে ভিসার আবেদন না করেই অনুমোদিত ট্রাভেল প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে সরাসরি ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) পাবেন বাংলাদেশি ভ্রমণকারীরা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় ঘোষিত বিশেষ ‘ভিসা প্যাকেজ’ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে সাতটি দেশের নাগরিক এ সুবিধা পাবেন। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো।
কীভাবে মিলবে ই-ভিসা
নতুন ব্যবস্থায় ভিসার জন্য আলাদা আবেদনপত্র পূরণ বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। ভ্রমণকারীরা সৌদি সরকারের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে রিটার্ন বিমান টিকিট ও হোটেল বুকিং করলেই সেই প্যাকেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা এবং ভ্রমণ বিমা যুক্ত হয়ে যাবে।
অনুমোদিত এজেন্সির কাছ থেকে প্যাকেজ কেনার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। এরপর ইমেইলের মাধ্যমে ভিসা, বিমা এবং ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র আবেদনকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে এই সেবা পরিচালনার জন্য রিজারভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সিকে অনুমোদন দিয়েছে সৌদি সরকার।
ভিসার মেয়াদ ও শর্ত
এই কর্মসূচির আওতায় দেওয়া সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় সৌদি আরবে ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
তবে প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে নিশ্চিত রিটার্ন ফ্লাইটের টিকিট থাকতে হবে এবং আবাসনের জন্য পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত কমপক্ষে চার তারকা মানের হোটেল নির্বাচন করতে হবে।
কত খরচ হবে
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য এক হাজার সৌদি রিয়াল করে যোগ হবে।
এ ছাড়া ভিসা প্রসেসিং ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের টিকিটও যুক্ত করতে পারবেন।
ওমরাহ বিষয়ে যা জানা গেছে
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই ট্রাভেল প্যাকেজে সরাসরি মক্কা ও মদিনায় ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না। তবে এই ই-ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশের পর বাংলাদেশি পর্যটকরা মক্কা, মদিনাসহ দেশটির অন্যান্য দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন।
এদিকে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট বা হোটেল বুকিং বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর নিজস্ব নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য