• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাঝ আকাশে বিমানের জানালা খুলে বের হয়ে গেল যাত্রীর মাথা

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৯:৫০ পি.এম.
রায়ানএয়ার
ছবি: সংগৃহীত

গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনগামী রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ বিমান শুক্রবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিপদের মুখে পড়ে। বিমানটির একটি জানালা খুলে গেলে এক যাত্রী আংশিকভাবে জানালার বাইরে চলে যান বলে বিমানবন্দরের দুটি সূত্র জানিয়েছে।

ঘটনার পর বিমানটি জরুরি ভিত্তিতে থেসালোনিকি বিমানবন্দরে ফিরে এসে নিরাপদে অবতরণ করে।

সার্বিয়ান গণমাধ্যমে বলা হয়, বিমানের অন্য যাত্রীরা দ্রুত তাকে ধরে ভেতরে টেনে আনেন। একজন যাত্রীর ভাষ্য অনুযায়ী, তাকে উদ্ধার করার আগে তার মাথা ও কাঁধ বিমানের বাইরে চলে গিয়েছিল।

রায়ানএয়ার জানিয়েছে, আকাশে উড়ন্ত অবস্থায় যাত্রীর আসনের পাশের একটি জানালা খুলে যাওয়ার কারণে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়।

তবে জানালাটি কিভাবে খুলে গেল, তা এখনো জানা যায়নি।

জানালা দিয়ে আংশিকভাবে মাথা বাইরে বেরিয়ে যাওয়া সার্বিয়ার  ওই যাত্রীকে থেসালোনিকির এহেপা ইউনিভার্সিটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সার্বিয়ান কনস্যুলেট জানিয়েছে, তিনি আহত হলেও তার জীবন ঝুঁকিতে নেই। চিকিৎসকেরা তার আঘাতের মাত্রা পরীক্ষা করে দেখছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল বোয়িং ৭৩৭ এনজি মডেলের, যা বর্তমান ৭৩৭ ম্যাক্স সিরিজের আগের সংস্করণ।

এদিকে বোয়িং জানিয়েছে, তারা ঘটনাটির তদন্তে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটি আরো বলেছে, তারা রায়ানএয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য এবং বিমান ও ইঞ্জিনের নির্মাতা সম্পর্কে জানতে চেয়ে পাঠানো ইমেইলের জবাবে রায়ানএয়ার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে এক বিবৃতিতে রায়ানএয়ার জানায়, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রীকে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে।

গ্রিসের স্থানীয় গণমাধ্যমে বলা হয়, উড্ডয়নের পরপরই ইঞ্জিনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে একটি জানালায় আঘাত করে। এতে জানালাটি ভেঙে যায় এবং কেবিনের ভেতরের চাপ কমে যায়। ঘটনাটি সম্পর্কে অবগত বিমানবন্দরের দুটি সূত্রও রয়টার্সকে একই তথ্য দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বোয়িং ৭৩৭ বিমানের ইঞ্জিনে গুরুতর ত্রুটি দেখা দিয়েছে এবং কয়েকটি ফ্যান ব্লেড অনুপস্থিত ছিল। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা সাধারণত ইঞ্জিনের ভেতরের কোনো অংশ ভেঙে বাইরের আবরণ ভেদ করে বেরিয়ে এলে ঘটে, যা আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে দিতে পারে।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে মেমিঙ্গেনগামী বোয়িং ৭৩৭ এনজি বিমানটিকে থেসালোনিকি বিমানবন্দরে ফিরে আসতে দেখা গেছে।

ফ্লাইট সংক্রান্ত তথ্য ও একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, একই বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যায় সারায়েভোগামী একটি ফ্লাইটেও উড্ডয়নের কিছুক্ষণ পর থেসালোনিকিতে ফিরে এসেছিল। তবে সে সময় কেন বিমানটি ফিরে এসেছিল, তা স্পষ্ট নয়।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে, শুক্রবারের ফ্লাইটে একটি জানালা ভেঙে গিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তে সহায়তা করতে প্রস্তুত।

এদিকে সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বিমানের ভেতরের অংশ এবং ক্ষতিগ্রস্ত জানালাটি দেখা গেছে। রায়ানএয়ারের সব বোয়িং ৭৩৭ এনজি বিমানে সিএফএম ইন্টারন্যাশনালের তৈরি সিএফএম৫৬ ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে ইঞ্জিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
৪৮ ঘণ্টায় ই-ভিসা, বাংলাদেশিদের জন্য সৌদির নতুন সুবিধা
ধর্ষণ মামলায় গ্রেপ্তার, জামিন পেয়েই ৬ জনকে হত্যা
ধর্ষণ মামলায় গ্রেপ্তার, জামিন পেয়েই ৬ জনকে হত্যা
ছবি: সংগৃহীত
জ্বালানি নিরাপত্তা জোরদারে পরিকল্পনা অনুমোদন ভারতের