• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রেস্তোরাঁ-হোটেলে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প ও টয়লেট স্থাপন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ১২:২১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

এবার সিটি করপোরেশন এলাকায় থাকা রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র‍্যাম্প ও টয়লেট স্থাপন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল অথবা নবায়ন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।    

স্থানীয় সরকার বিভাগ থেকে ১৪ মে দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১৩ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সিটি করপোরেশন এলাকায় থাকা রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র‍্যাম্প নির্মাণ ও টয়লেট স্থাপন যৌক্তিক সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, যেসব রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফে এই নির্দেশনা পালনে ব্যর্থ হবে, তাদের ট্রেড লাইসেন্স বাতিল অথবা নবায়ন বন্ধ রাখা হবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সিটি করপোরেশনগুলোকে অনুরোধ করা হয়েছে।  

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা কম নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ ২০২১ অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করেন। এই হিসাবে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ৪৬ লাখ।

জরিপে দেখা যায়, শহরাঞ্চলেও প্রতিবন্ধী মানুষের হার ২ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ নগরের রেস্তোরাঁ, ক্যাফে, হোটেল বা সেবাকেন্দ্রে তাঁদের প্রবেশগম্যতা নিশ্চিত করা কোনো দয়া বা বিশেষ সুবিধা নয়, এটি নাগরিক অধিকারের অংশ।

সাম্প্রতিক সময়ে সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টেও রিট হয়। এরপর এ বিষয়ে রুল দেন হাইকোর্ট। রুলে ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুসারে প্রবেশগম্যতা নিশ্চিত করার বিষয়টি উঠে আসে।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ৩৪ ধারায় গণস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করার কথা বলা আছে। আইনে গণস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল, আরোহন, ব্যবহার ও সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

শুধু আইন নয়, ভবন নির্মাণের ক্ষেত্রেও প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ভবনের নিরাপত্তা, ব্যবহারযোগ্যতা ও সবার জন্য প্রবেশগম্যতার বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। বিশেষ করে গণব্যবহার্য ভবনে র‍্যাম্প, চলাচলের পথ ও ব্যবহারযোগ্য টয়লেটের মতো বিষয়গুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা ও অন্য বড় শহরে অনেক রেস্তোরাঁ ও ক্যাফে ভবনের দোতলা বা তিনতলায়। কোথাও প্রবেশপথ সরু, কোথাও সিঁড়িই একমাত্র ভরসা। অনেক আবাসিক হোটেলেও হুইলচেয়ার ব্যবহারকারীদের ওঠানামার মতো ব্যবস্থা নেই। ফলে একজন প্রতিবন্ধী মানুষকে বাইরে খেতে যাওয়া, অতিথি হয়ে থাকা বা সামাজিক আয়োজনে অংশ নেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২১ সালে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করে। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান জানতে জরিপটি করা হয়।

জরিপের ফলাফল অনুযায়ী, ২০২১ সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি। সরকারি সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে ৮৫২টি। বাকি সব ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন।

প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, প্রবেশগম্যতা নিশ্চিত করা মানে শুধু একটি র‍্যাম্প বানানো নয়। র‍্যাম্পটি ব্যবহারযোগ্য কি না, ঢাল কতটা, দরজা যথেষ্ট প্রশস্ত কি না, টয়লেটে হুইলচেয়ার ঘোরানোর জায়গা আছে কি না—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। অনেক সময় নিয়ম মানার নামে এমন র‍্যাম্প করা হয়, যা বাস্তবে ব্যবহার করা যায় না।

সরকারের নতুন নির্দেশনা কার্যকর হলে সিটি করপোরেশনগুলোকে ট্রেড লাইসেন্স দেওয়া ও নবায়নের সময় বিষয়টি যাচাই করতে হবে। এতে নতুন রেস্তোরাঁ, ক্যাফে ও আবাসিক হোটেলগুলো শুরু থেকেই প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো তৈরিতে বাধ্য হবে। পুরোনো প্রতিষ্ঠানগুলোকেও ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য ও যোগাযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন জানিয়েছেন, প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট একটি চিঠি সিটি করপোরেশনে এসে পৌঁছেছে। 

তিনি বলেন, একজন প্রতিবন্ধী ব্যক্তি যদি কোনো রেস্তোরাঁ, হোটেল বা ক্যাফেতে স্বাভাবিকভাবে প্রবেশ করতে না পারেন, তাহলে সেটি শুধু অবকাঠামোগত সীমাবদ্ধতা নয়, বরং এটি নাগরিক অধিকারের প্রশ্ন। একটি আধুনিক ও মানবিক নগরব্যবস্থায় সকল নাগরিকের সমানভাবে সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও সেবা গ্রহণ সহজ করতে র‍্যাম্প, প্রতিবন্ধীবান্ধব টয়লেট ও প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা রাখা এখন সময়ের দাবি। তাই রেস্তোরাঁ, হোটেল ও ক্যাফেগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হবে বা নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী কাতার
বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী কাতার
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
বিমানবন্দরের সেবার মানোন্নয়নে সহায়তা দেবে সিঙ্গাপুর
বিমানবন্দরের সেবার মানোন্নয়নে সহায়তা দেবে সিঙ্গাপুর