ইসরায়েলকে উদ্ভাবনে বিশ্বসেরা বললেন ইলন মাস্ক

ইলন মাস্ক ইসরায়েলকে বিশ্বের অন্যতম উদ্ভাবনী দেশ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি প্রযুক্তিগত উদ্ভাবন হচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।
সম্প্রতি ইসরায়েলের তেল আবিবে আয়োজিত আন্তর্জাতিক স্মার্ট মোবিলিটি সামিট ২০২৬-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তি নিয়ে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলের প্রযুক্তি খাতের প্রশংসা করেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন এই উদ্যোক্তা।
মাস্ক বলেন, ছোট আয়তনের দেশ হলেও উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশে ইসরায়েলের সাফল্য বিস্ময়কর। বিশেষ করে স্টার্টআপ, সাইবার নিরাপত্তা, এআই এবং স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তিতে দেশটি বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে।
তিনি আরও জানান, প্রযুক্তি খাতে ইসরায়েলের ধারাবাহিক অগ্রগতি ভবিষ্যতের উদ্ভাবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশটির গবেষণা ও নতুন ধারণা বাস্তবায়নের সক্ষমতাও তার কাছে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
সামিটে বক্তব্যের সময় মাস্ক তার বিভিন্ন প্রকল্প নিয়েও কথা বলেন। এর মধ্যে ছিল টেসলা –র রোবট্যাক্সি উদ্যোগ, মানবসদৃশ রোবট উন্নয়ন এবং ভবিষ্যতের স্মার্ট পরিবহন ব্যবস্থা। পাশাপাশি তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী বিশ্বের অর্থনীতি ও প্রযুক্তি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে।
ভিওডি বাংলা/জা







