টেকনোর স্মার্টফোনে মূল্যছাড়

বিশ্ববাজারে স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় দেশে মোবাইল ফোনের বাজারেও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। প্রতিষ্ঠানটি তাদের কয়েকটি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে।
টেকনোর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত কয়েকটি মডেল নতুন দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে ক্যামন ৫০ সিরিজে উল্লেখযোগ্য মূল্যছাড় দেওয়া হয়েছে।
এর মধ্যে ক্যামন ৫০-এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম আগে ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা। নতুন ঘোষণায় সেটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা। ফলে ক্রেতারা এ মডেলে ২ হাজার টাকা কমে ফোনটি কিনতে পারবেন।
এছাড়া একই সিরিজের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামও কমানো হয়েছে। পূর্বে যার মূল্য ছিল ৩৪ হাজার ৯৯৯ টাকা, বর্তমানে সেটি পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ এই সংস্করণে গ্রাহকরা ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। তবে ঘোষিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টেকনোর ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সেমিকন্ডাক্টর, প্রসেসর, মেমোরি চিপ, ব্যাটারি ও মাদারবোর্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশে কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ায় অনেক ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়ানোর পরিকল্পনা করছে।
এ অবস্থায় সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে সীমিত সময়ের জন্য মূল্যছাড়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে টেকনো। প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তিপণ্যকে আরও সহজলভ্য করতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য