এআই যুগে ভিক্ষুকরাও নিরাপদ নয়!

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর শুধু অফিস বা শিল্পকারখানার মধ্যে সীমাবদ্ধ নয়-এর প্রভাব ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত জায়গাতেও।
সম্প্রতি চীনের বিভিন্ন শহরের রাস্তায় মানবসদৃশ রোবটকে ভিক্ষুকের ভূমিকায় দেখা যাওয়ায় বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম HK01-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং, চেংদু ও ফুঝৌসহ একাধিক বড় শহরের ব্যস্ত সড়কে হিউম্যানয়েড রোবটকে ভিক্ষুকের মতো আচরণ করতে দেখা গেছে। ঘটনাটি বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, বরং এটি একটি নতুন সামাজিক ও প্রযুক্তিগত ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
দেখা গেছে, রোবটগুলোকে রাস্তার ফুটপাতে হাঁটু গেড়ে বসে থাকতে বা মাথা নিচু করে কুঁজো হয়ে থাকার মতো ভঙ্গিতে স্থাপন করা হয়েছে-যা বাস্তব ভিক্ষুকদের আচরণের অনুকরণ করে। তাদের সামনে রাখা হয়েছে নানা ধরনের লেখা, যেমন-“আমার ফোন চার্জ করার টাকা নেই” বা “দয়া করে আমার বিদ্যুৎ বিল পরিশোধ করুন”।
সবচেয়ে আলোচনার বিষয় হলো, প্রতিটি রোবটের সামনে অনলাইন পেমেন্টের জন্য QR কোড যুক্ত করা হয়েছে। ফলে পথচারীরা চাইলে ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদান করতে পারছেন-যা আধুনিক প্রযুক্তি ও প্রচলিত ভিক্ষাবৃত্তির এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি করেছে।
এই রোবট ভিক্ষুকদের ছবি ও ভিডিও গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একপক্ষ বলছে, এটি মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত প্রভাবের একটি উদ্বেগজনক উদাহরণ। তাদের মতে, ভবিষ্যতে এআই যদি সামাজিক বাস্তবতাকেও এমনভাবে প্রতিস্থাপন করে, তবে তা নতুন সংকট তৈরি করতে পারে।
অন্যদিকে আরেক দল এই ঘটনার সত্যতা ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাদের দাবি, এটি হয়তো বাস্তব কোনো ভিক্ষাবৃত্তি নয়, বরং একটি পারফরম্যান্স, সামাজিক বার্তা বা প্রচারণামূলক উদ্যোগ।
বাজারের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড রোবট যেমন ‘ইউনিট্রি’ ব্র্যান্ডের জি১ এবং এইচ২ মডেলগুলোর দাম বেশ চড়া। তাই এগুলোকে রাস্তায় ভিক্ষার কাজে নামানো অর্থনৈতিকভাবে মোটেও লাভজনক নয়। তবে কেউ যদি স্রেফ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এটি করে থাকেন, তবে তা ভিন্ন বিষয়। অনেকে আবার ধারণা করছেন, এটি হয়তো একধরনের শৈল্পিক প্রদর্শনী, যার উদ্দেশ্য হলো মানুষ এবং এআই চালিত রোবটের মধ্যকার ক্রমেই অদ্ভুত হয়ে ওঠা সম্পর্কটি নিয়ে সাধারণ মানুষকে ভাবানো।
ভিওডি বাংলা/জা







