• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুন ২০২৬, ০১:৪৭ পি.এম.
রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। ছবি: ভিওডি বাংলা

ঢাকায় আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) ২০২৬-এর চূড়ান্ত পর্ব। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবে জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত লড়াইয়ে।

এই আয়োজনকে কেন্দ্র করে আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতার বিভিন্ন দিক, প্রস্তুতি এবং অংশগ্রহণকারীদের তথ্য তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁঞা। তিনি বলেন, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধুমাত্র একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৫ সালে যাত্রা শুরু করার পর থেকে এ প্রতিযোগিতা ধীরে ধীরে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। বর্তমানে এটি শুধু রাজধানীকেন্দ্রিক না থেকে সারাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি, প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মামুনুর রশীদ ভূঁঞা বলেন, অনেকেই প্রোগ্রামিংকে শুধুমাত্র কোড লেখার কাজ হিসেবে বিবেচনা করেন। কিন্তু বাস্তবে প্রতিটি কোডের পেছনে থাকে একটি বাস্তব সমস্যার সমাধান। এই প্রক্রিয়া শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তাভাবনা, বিশ্লেষণ ক্ষমতা এবং সৃজনশীলতাকে বিকশিত করে, যা ভবিষ্যতে জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা, উদ্ভাবক এবং নীতিনির্ধারক হিসেবে গড়ে উঠবে। তাই তাদেরকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তুলতে প্রযুক্তি ও প্রোগ্রামিং দক্ষতার বিকাশ অপরিহার্য।

এ সময় তিনি গণমাধ্যমের ভূমিকাকেও প্রশংসা করেন। তার মতে, দেশের প্রযুক্তি অগ্রযাত্রা এবং তরুণদের সাফল্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা সামগ্রিকভাবে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর ব্যবস্থাপনায় এবারের জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় মোট ১৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। কুইজ ও প্রোগ্রামিং-এই দুই বিভাগসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে এই নিবন্ধন সম্পন্ন হয়।

আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন ধাপ সফলভাবে শেষ করার পর প্রোগ্রামিং ও কুইজ বিভাগ থেকে নির্বাচিত মোট ৮৩২ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই শিক্ষার্থীরাই ঢাকায় অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।

চূড়ান্ত পর্বের প্রতিযোগিতাগুলো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (বিকেআইআইসিটি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি।

অন্যদিকে কুইজ প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে। পুরো আয়োজন জুড়ে থাকবে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা যাচাইয়ের সুযোগ এবং প্রযুক্তি-ভিত্তিক জ্ঞান বৃদ্ধির নানা পর্ব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ.টি.এম. জিয়াউল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জফরুল আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালু হচ্ছে
হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালু হচ্ছে
ক্লিক আর স্ক্রলে চলছে পৃথিবী: ডিজিটাল যুগে এক ক্লিকেই বদলে যাচ্ছে জীবন
ক্লিক আর স্ক্রলে চলছে পৃথিবী: ডিজিটাল যুগে এক ক্লিকেই বদলে যাচ্ছে জীবন
দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান আইসিটিমন্ত্রীর
দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান আইসিটিমন্ত্রীর