গবেষণার ফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান ও শিল্প গবেষণার অর্জন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত পণ্য ও প্রযুক্তির বাস্তব সুফল জনগণের হাতে তুলে দিতে হবে।
মঙ্গলবার (২ জুন) ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিসিএসআইআরের গবেষণালব্ধ পণ্য ও উদ্ভাবনগুলো স্থানীয় তরুণ উদ্যোক্তাদের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি গবেষণার মাধ্যমে সৃষ্ট সম্পদ ও প্রযুক্তিকে বাজারজাতকরণের মাধ্যমে অর্থনৈতিক মূল্য সৃষ্টি করার ওপরও তিনি গুরুত্ব দেন।
ফকির মাহবুব আনাম বলেন, বিসিএসআইআরের উদ্ভাবিত রিসোর্সগুলোকে কার্যকরভাবে মার্কেটাইজ ও বাণিজ্যিকীকরণ করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আপনাদেরকে উৎসাহিত করার জন্য এখানে আমি ঘন ঘন আসব।"
এ সময় তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করা এবং দৈনন্দিন দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার তাগিদ দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংস্থার সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা এবং এর অধীন বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সভায় বিসিএসআইআরের সদস্যবৃন্দ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিসিএসআইআরের কার্যালয়ে প্রদর্শিত সংস্থার ১২টি ইউনিটের উদ্ভাবিত বিভিন্ন পণ্যের নমুনা পরিদর্শন করেন। পাশাপাশি বিসিএসআইআরের ভ্রাম্যমাণ ভ্যানও ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে বিসিএসআইআরের বিজ্ঞানীদের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফকির মাহবুব আনাম। এ সময় তিনি বিজ্ঞানীদের বিভিন্ন পেশাগত দাবি-দাওয়া আইন ও বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।
ভিওডি বাংলা/এমএস







