বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার

চলতি জুন থেকেই বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা করতে যাচ্ছে সরকার। বুধবার (৩ জুন) বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা করা হবে। মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানি এবং কারিগরি কমিটির মূল্যায়নের পর বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ দাম ঘোষণা করা হবে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব দাখিল করে।
এই প্রস্তাবের ওপর গত ২০ থেকে ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রস্তাবের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বুধবার বিকেল ৩টায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
এর আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে বিইআরসির ওই দুই দিনের গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
শুনানিতে বিপিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, বিআরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়।
তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।
ভিওডি বাংলা/এমএস







