মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

নাম পরিবর্তন ঘিরে প্রশাসনিক উদ্যোগে নতুন মোড় নিল ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের একটি প্রস্তাব অনুমোদন না দিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে সেখানে নামকরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে কেরানীগঞ্জ টিটিসির নাম পরিবর্তনের প্রস্তাব পাঠায়। তবে সেই প্রস্তাবে সাড়া মেলেনি।
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত এ প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীন পরিচালিত একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ঈদুল আজহার আগে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয় কেরানীগঞ্জ টিটিসির নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে রাখার জন্য। তবে মঙ্গলবার ওই প্রস্তাবটি অনুমোদন করেননি প্রধানমন্ত্রী।
সূত্রটি আরও জানায়, নাম পরিবর্তনের পরিবর্তে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যদি নতুন নামে কোনো প্রতিষ্ঠান করা হয়, তবে সেটি নতুনভাবে স্থাপন করেই নামকরণ করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেন, প্রস্তাবের নোটে এমন অনুশাসনই দেওয়া হয়েছে যে নতুন নামকরণ করতে হলে নতুন প্রতিষ্ঠান গঠন করতে হবে।
ভিওডি বাংলা/এমএস







