রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম জোরেশোরে চলছে। ঈদের দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মধ্যরাত নাগাদ অপসারণ করা বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ডিএসসিসি এলাকায় প্রথম দিনে মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশুর বর্জ্য দ্রুত অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, চলমান কার্যক্রমের ধারা অব্যাহত থাকলে আজ রাত ১২টার মধ্যেই অপসারণ করা বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে।
তিনি আরও জানান, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলোর প্রায় ৬৫ শতাংশ বর্জ্য এরই মধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া করপোরেশনের মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ড শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। বাকি চারটি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই অবশিষ্ট বর্জ্যও সরিয়ে নেওয়া হবে।
মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করায় তিনি নগরবাসীকে ধন্যবাদ জানান।
ভিওডি বাংলা/এসআর







