• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জানা গেল সূচি

স্পোর্টস ডেস্ক    ৩০ মে ২০২৬, ০২:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত

শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের এই আসরে ‘জে’ গ্রুপে জায়গা হয়েছে লিওনেল মেসিদের। ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে দলটির গ্রুপপর্বের পূর্ণ সূচিও।

আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ অভিযান শুরু করতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে আলবিসেলেস্তেরা। ১৭ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় পরদিন সকাল ৭টায় মাঠে গড়াবে।

পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। এরপর ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে আর্জেন্টাইন দল। মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত সাতজন ফুটবলারকে নিয়ে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। সেখানে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

এরই মধ্যে বৃহস্পতিবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যকে রেখেই নতুন মিশনের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। আর অধিনায়ক লিওনেল মেসির জন্য এটি হতে যাচ্ছে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।

গ্রুপপর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা মেসিদের যাত্রা কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি!
বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি!