• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরল বিএমইউ

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০২:৫৭ পি.এম.
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ডা. এফ এম সিদ্দিকী। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্ট, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার (১ জুন) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সকল শিক্ষকের সঙ্গে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্ট ও শিক্ষার্থীদের সঙ্গে এবং সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ড্যাবের বিএমইউ শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সিনিয়র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার (আইন) সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর ডা. কে এম রফিকুল ইসলাম, ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. রিফাত রহমান এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী নূরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা।

শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান একটি অত্যন্ত সুন্দর ও ইতিবাচক উদ্যোগ। এই আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, “আমরা সবাই সেবার মহান পেশার সঙ্গে যুক্ত। তাই উৎসবের সময়েও আমাদের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটতে পারে না। ঈদের ছুটির মধ্যেও বিএমইউর বহির্বিভাগ, ইনডোর এবং জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত ছিল। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”

তিনি আরও বলেন, ঈদের ছুটির কারণে কর্মপরিবেশে যে সাময়িক শ্লথতা আসে, তা কাটিয়ে পুনরায় নতুন উদ্যমে চিকিৎসাসেবা, শিক্ষা, গবেষণা এবং উন্নয়নমূলক কার্যক্রমে মনোনিবেশ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে সবাই স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. বদরুল হুদা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, মিডিয়া সেলের কর্মকর্তা শামীম আহম্মদ, অডিট অফিসার সুমাইয়া সরকার স্বর্ণা, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ইসবাহুর রহমান এবং পিএ টু রেজিস্ট্রার সৈয়দ তাহিয়াতুর রহমান (সুজন)সহ অনেকে।

এদিকে ঈদের ছুটি শেষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, বিভাগ ও হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসে সকল বিভাগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা বৃহস্পতিবার ২৮ মে সকাল ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদের ইমামতিতে অনুষ্ঠিত এ জামাতে উপাচার্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জামাত শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদ উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থা করা হয়, যা রোগী ও তাদের স্বজনদের মধ্যে প্রশংসিত হয়। একই সঙ্গে ঈদের ছুটির সময়ও চিকিৎসাসেবা কার্যক্রম সচল রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পবিত্র ঈদুল আযহার ছুটিকালীন সময়ে বিএমইউর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ খোলা রাখা হয়। গত ২৭ মে বুধবার এবং ৩০ মে শনিবার দুই দিনে মোট ৭১৯ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। ঈদের ছুটির মধ্যেও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের এই কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান। তারা রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম ও উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু
ঈদে অতিরিক্ত গরুর মাংস খেলে কী হতে পারে?
ঈদে অতিরিক্ত গরুর মাংস খেলে কী হতে পারে?
চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম
ঈদে রোগীদের সেবা চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম