• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইন ভাঙলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০৮:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

‘ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সবাই সমান। এমনকি প্রধানমন্ত্রীর চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন অনুসরণ করা হচ্ছে’ এমন মন্তব্য করার কিছুক্ষণ পরই নিজেই অনিয়ম করে বসলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। সড়কে অনির্ধারিত ক্রসিং ব্যবহার করে গন্তব্যে যেতে দেখা গেছে তার গাড়িবহরকে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার।

সেখানে তিনি বলেন, ‘ট্রাফিক আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং কোনো পুলিশ সদস্য আইন অমান্য করলে তার বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ট্রাফিক আইন আসলে সবার জন্যই সমান। সেটা সরকারি হোক বা বেসরকারি। আমাদের পুলিশ সদস্যদেরও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ ট্রাফিক আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই ভিন্ন চিত্র দেখা যায়। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে সদর দপ্তরের দিকে যাওয়ার পথে কমিশনারের গাড়িবহরকে সাধারণ যানবাহনের জন্য বন্ধ থাকা ক্রসিং ব্যবহার করে যেতে দেখা যায়।

বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে কমিশনারের গাড়িবহর আসার আগে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দড়ির প্রতিবন্ধকতা সরিয়ে দেন। একই সঙ্গে দুই পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর কমিশনারের গাড়িবহর ক্রসিং অতিক্রম করে গেলে পুনরায় দড়ি টানিয়ে আগের অবস্থান স্থাপন করা হয় এবং ক্রসিংটি সাধারণ যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি প্রত্যক্ষ করা কয়েকজন পথচারী ও মোটরসাইকেল চালক এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, সাধারণ মানুষের জন্য যে নিয়ম কার্যকর, তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

ডিএমপি কমিশনারের উল্টো পথে অফিসে যাওয়ার বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি বলেন, এমন কিছু হবার কথা নয়, ডিএমপি কমিশনার অক্লান্ত পরিশ্রম করেন। তার সময়ের বিষয়টি বিশেষভাবে দেখা উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পুলিশের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রেও অযথা সড়ক বন্ধ রাখা বা জনদুর্ভোগ সৃষ্টি না করার নীতি অনুসরণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে: ডিএমপি কমিশনার
ঢাকাকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে: ডিএমপি কমিশনার
মন্ত্রী পরিষদের বৈঠক চলছে
মন্ত্রী পরিষদের বৈঠক চলছে
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী