নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আরাফাত কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগেও আলোচিত।
স্থানীয় সূত্রের দাবি, আরাফাত সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় ছিলেন বলেও জানা গেছে।
কিছু দিন আগে তার নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঝটিকা মিছিলের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এর প্রতিবাদে উপজেলা বিএনপি গত শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ভাঙ্গা থানার ওসি আরও বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। ডিবি পুলিশ তাকে ঢাকায় আটক করেছে বলে জানা গেছে, বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র এখনও পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/আ







