• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রাথমিকের বদলি-পদায়নে নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৯:১৪ পি.এম.
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি-পদায়নে নতুন নীতিমালা প্রণয়নে বিশেষ কমিটি গঠন করেছে সরকার।

রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে পৃথক কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সদস্য এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

একইভাবে, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিভাগীয় কমিটি একই বিভাগের মধ্যে সিটি করপোরেশনের বাইরে শিক্ষক বদলির আবেদন পর্যালোচনা করবে।

জেলা প্রশাসককে সভাপতি করে গঠিত জেলা কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং একই জেলার মধ্যে বদলির আবেদন নিষ্পত্তি করবে। নবনিযুক্ত শিক্ষকদের উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে পদায়নের দায়িত্বও এই কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, উপজেলা বা থানা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে গঠিত উপজেলা বা থানা কমিটি একই উপজেলা বা থানার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি করবে।

চার স্তরের প্রতিটি কমিটিকেই প্রতি মাসে অন্তত একবার সভা করে আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি তাদের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে। জনস্বার্থে জারি করা এই নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/আরকেএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের নতুন কমিটি রাজশাহী সিটি কলেজে অবাঞ্ছিত
ছাত্রদলের নতুন কমিটি রাজশাহী সিটি কলেজে অবাঞ্ছিত
প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন, আসছে নতুন কারিকুলাম
ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন, আসছে নতুন কারিকুলাম
টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী