• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৫:৩২ পি.এম.
বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত জাতীয় সংলাপে বক্তব্য রাখছেন ববি হাজ্জাজ। ছবি: ভিওডি বাংলা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাব্যবস্থার প্রকৃত অগ্রগতি কেবল অবকাঠামো উন্নয়ন দিয়ে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক, আধুনিক পাঠ্যক্রম এবং শিশুদের জন্য উপযোগী আনন্দময় শিক্ষার পরিবেশ।  তিনি বলেন, ২০২৮ সালের পর থেকে দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না। এই নীতি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং ইংরেজি মাধ্যম-সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সোমবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর মাল্টিপারপাস হলে “আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা” শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষার কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) যেন কোনো অযাচিত প্রভাব ছাড়া স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শিক্ষকের জীবনমান উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। একজন শিক্ষক যদি আর্থিক, সামাজিক ও পেশাগতভাবে সম্মানজনক অবস্থানে না থাকেন, তবে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন কঠিন হয়ে পড়ে।

তিনি আরও জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে ওয়ান-শিফট পদ্ধতিতে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দুই শিফটের কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি
পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী
পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী