বেইজিংয়ে তারেক রহমানকে রাষ্ট্রীয় অভ্যর্থনা

চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গণমহা ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রায় গণমহা ভবনে পৌঁছালে লি কিয়াং তাকে স্বাগত জানান। পরে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
এরপর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান। সেখানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী সম্মানরক্ষী বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন।
গত ২১ জুন সরকারি সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ায় দুই দিনের কর্মসূচি শেষে তিনি চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সম্মেলনে অংশ নেন। সেখানে কর্মসূচি শেষ করে বুধবার বিকেলে উচ্চগতির ট্রেনে বেইজিং পৌঁছান তিনি।
সফরের অংশ হিসেবে গণমহা ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন। সে সময়ও গণমহা ভবনে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
ভিওডি বাংলা/আ







