মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জিএম কাদেরের শোক

দেশের বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক শোকবার্তায় তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
রোববার (২৯ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
শোকবার্তায় জিএম কাদের বলেন, মুস্তাফা মনোয়ার দেশের পাপেট শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর সৃষ্টিশীল কর্মকাণ্ড শিশু-কিশোরসহ বিভিন্ন প্রজন্মের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় পাপেট অনুষ্ঠান ‘মনের কথা’ তাঁকে সারাদেশে ব্যাপক পরিচিতি এনে দেয়।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে পাপেট শোর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুস্তাফা মনোয়ার। শিল্পকে তিনি শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ সচেতনতার হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছেন।
জিএম কাদের স্মৃতিচারণ করে বলেন, মুস্তাফা মনোয়ারের কর্মজীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তিনি অবদান রাখেন।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তিনি খ্যাতিমান কবি গোলাম মোস্তফার কনিষ্ঠ সন্তান। চারুকলায় পড়াশোনা শেষে তিনি শিল্পচর্চায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং দেশ-বিদেশে নানা সম্মাননা অর্জন করেন। শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদকে ভূষিত হন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য