ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। শুধু জুন মাসেই মারা গেছেন ১৩ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন মারা গেছেন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৪ জন রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১০০ জন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন রোগী।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। তবে জুন মাসে এসে পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়তে শুরু করেছে।
এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও আটজন নারী। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। মোট আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ২ হাজার ২৪৪ জন নারী রয়েছেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য