সংসদে মন্ত্রী শেখ রবিউল
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ

কর্ণফুলী টানেলে প্রতিদিন টোল থেকে গড়ে যে আয় হয়, তার দ্বিগুণ ব্যয় হয় পরিচালন ও রক্ষণাবেক্ষণে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের লিখিত জবাবে সেতুমন্ত্রী কর্ণফুলী টানেলের দৈনিক ও মাসিক গড় আয়-ব্যয়ের তথ্য দেন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন টোল থেকে গড়ে আয় হয় ১১ লাখ ২১ হাজার ৭৩০ টাকা। পরিচালন ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় হয় ২২ লাখ ৮৫ হাজার ৫৪৬ টাকা। মাসে আয় হয় ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। ব্যয় হয় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৯০০ টাকা।
আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, লাইটিং, বায়ু চলাচল, অগ্নিনিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ও ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণ।
মন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল চালু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে দৈনিক প্রায় ৩৭ লাখ টাকা ব্যয় ছিল। বর্তমান সরকারের পরিকল্পনা, কৃচ্ছ্রসাধন নীতি এবং সেতু কর্তৃপক্ষের প্রচেষ্টার ফলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ব্যয় হ্রাস করে দৈনিক ২২-২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। এ টানেল লাভজনক করতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
ভিওডি বাংলা/আরআর/এমএস








মন্তব্য