সংসদে অর্থবিল পাস
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

ব্যাপক সমালোচনার মুখে প্রস্তাবিত বাজেট থেকে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবও বাতিল হয়।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের আইনি ভিত্তি ‘অর্থ বিল, ২০২৬’।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আহ্বানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি চূড়ান্ত পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
অর্থ বিল অধিবেশনের টেবিলে ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ বেশ কয়েকজন সদস্য বিশাল ঘাটতি বাজেট, কর ও ভ্যাটের বোঝা, ব্যাংকিং খাতের নজিরবিহীন দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের অব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রীর চীন সফর থেকে ঋণের আশ্বাসের বাস্তবতার মতো নানা বিষয়ে প্রশ্ন তুলে বিলটি অধিকতর যাচাইয়ের জন্য জনমত যাচাইয়ের প্রস্তাব দেন।
সংসদ সদস্যদের এসব সমালোচনা ও প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনার পর অর্থ বিলটি একাধিক সংশোধনীসহ চূড়ান্তভাবে পাস হয়।
এর আগে সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের ওপর বক্তব্য দেওয়ার সময় কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার সুপারিশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবটিও বাতিলের কথা জানিয়েছেন তিনি।
তিনি সংশোধনী প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার ইস্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সরকার এই সুযোগ আর রাখতে চাচ্ছে না। অর্থবিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর করহার কমানো, স্বর্ণালংকারে ভ্যাট কমানো এবং স্থানীয় প্রযুক্তি উৎপাদন ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শিল্পে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাবও দেন তিনি।
এ ছাড়া ওষুধ শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত কাঁচামাল আমদানিতেও শুল্ক ছাড়ের কথা বলেন প্রধানমন্ত্রী।
ভিওডি বাংলা/আরআই/এমএস








মন্তব্য