• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ন্যাটো ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে

আন্তর্জাতিক ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ১০:২১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ইউক্রেনের জন্য বড় অঙ্কের সামরিক সহায়তার পরিকল্পনা চূড়ান্ত করেছে জোটভুক্ত দেশগুলো। খসড়া ঘোষণাপত্র অনুযায়ী, ২০২৬ সালে ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।

শুক্রবার (৩ জুলাই) ন্যাটো রাষ্ট্রদূতদের অনুমোদিত ওই খসড়া নথির তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে সদস্য দেশগুলোর সরকারপ্রধান ও নেতাদের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালেও ইউক্রেনের জন্য অন্তত একই পরিমাণ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি থাকবে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে কিয়েভকে সমর্থন দিতে পশ্চিমা জোটের অবস্থান আরও দৃঢ় করার ইঙ্গিত মিলেছে এতে।

এদিকে ঘোষণাপত্রে ন্যাটোর অনুচ্ছেদ ৫–এর বিষয়টিও আবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, জোটের কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তিনি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এমনকি ন্যাটোর প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কথাও বলেছিলেন।

তবে নতুন খসড়া ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রসহ জোটের ৩২ সদস্য দেশের রাষ্ট্রদূত যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষার নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এতে বলা হয়েছে, শক্তিশালী ন্যাটোর মাধ্যমে ইউরোপের নিরাপত্তা কাঠামো আরও জোরদার করা হবে। পাশাপাশি ইউরোপীয় দেশ ও কানাডাকে নিরাপত্তা ব্যবস্থায় আরও বড় দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খসড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, ইরানের হাতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ‘সুপার টাইফুন’
ছবি: সংগৃহীত
সৌদির বিমানবন্দরে হামলার হুমকি হুথিদের
ছবি: সংগৃহীত
খামেনিকে শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান