ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ঢাকার ধামরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার দুই ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত আনোয়ার হোসেন মোল্লা (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ার হোসেন মোল্লা সাভার উপজেলার ঘোরাদিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচা আবুল হোসেন মোল্লা জানান, গত ২৬ জুন ধামরাইয়ের বড় কুশিয়ারা এলাকায় জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপজোখ চলছিল। এ সময় আনোয়ারের ছোট ভাই খোকন মোল্লা এবং তার দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেন মোল্লা ও তার আরেক ভাই মনির হোসেন মোল্লার ওপর হামলা চালান। এতে দুই ভাই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আনোয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ৯ জুলাই অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় আহত মনির হোসেন মোল্লার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গত ২৮ জুন ধামরাই থানায় খোকন মোল্লা, তার দুই ছেলেসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। আনোয়ারের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে পুলিশ জানিয়েছে।
ওসি নাজমুল হুদা খান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত আনোয়ার হোসেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যেহেতু হাসপাতালে তার মৃত্যু হয়েছে, তাই মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা করবে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য