ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, গাড়িতে আগুন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের ওপর একটি যাত্রীবাহী বাস তুলে দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (১১ জুলাই) বিকেলে ভাঙ্গার সোয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি এলাকায় ডিমবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পিকআপটির উদ্ধার কার্যক্রম দেখতে মহাসড়কের পাশে এসে জড়ো হন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী 'নড়াইল পরিবহন'-এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ওই লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একই সঙ্গে তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে মহাসড়ক সচল করার চেষ্টা চালাচ্ছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, 'এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। মহাসড়কে বিক্ষোভ বন্ধ করে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।'
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য