বান্দরবানের সব পর্যটন কেন্দ্র খুলছে বৃহস্পতিবার

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস।
তিনি বলেন, বান্দরবানের অসংখ্য মানুষ এই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ১৫ তারিখের পরে বড় ধরনের কোনও দুর্যোগের সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে।
ডিসি মো. সানিউল ফেরদৌস বলেন, এই দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এভাবে কাজ করলে যে কোনও দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য