• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দিনাজপুরে শিক্ষার্থীদের সড়ক-রেল অবরোধ, সংঘর্ষে আহত ৮

দিনাজপুর প্রতিনিধি    ১৪ জুলাই ২০২৬, ০৬:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ সময় বিভিন্ন স্লোগানও দেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে রাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর আড়াআড়িভাবে বাস রেখে পাল্টা অবরোধ গড়ে তোলেন। পরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অবরোধের কারণে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।

অন্যদিকে রেলপথ অবরোধের কারণে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা থাকলেও অবরোধের কারণে নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়ক ও রেল চলাচল স্বাভাবিক হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, "আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা কর্মসূচি প্রত্যাহার করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।"


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাস। ছবি: ভিওডি বাংলা
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার রায় আজ
ছবি: সংগৃহীত
তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা