শিক্ষার্থীদের দাবির মুখে পেছাচ্ছে এইচএসসি

শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসি পরীক্ষা পেছানো হতে পারে। পাশাপাশি যে একটি বিষয়ের প্রশ্নপত্রে ভুল প্রমাণিত হয়েছে, সেই বিষয়ে অটোপাশ ঘোষণার বিষয়টিও প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান বৈঠকে আলোচনায় উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চলমান শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের আন্দোলন এবং এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা পুনরায় গ্রহণ, পরবর্তী পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধের পর আন্দোলনকারীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। তারা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটামও দেন।
শিক্ষার্থীদের উত্থাপিত নির্দিষ্ট ৩টি দাবি নিচে তুলে ধরা হলো:
১. শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা প্রার্থনা: আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে এবং তার দেওয়া 'অসংগতিপূর্ণ' বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. পূর্বের পরীক্ষা পুনরায় গ্রহণ: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাইয়ের অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা অংশ নিতে পারেনি, তাদের সবার জন্য ওই পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে।
৩. পরীক্ষা স্থগিত ও নতুন রুটিন প্রকাশ: ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে প্রশ্নপত্রকে শিক্ষার্থীবান্ধব করতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, দেশজুড়ে তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও জোরপূর্বক পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি এবং প্রশ্নের কঠিন মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে, যার ফলেই তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এদিকে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে দুই বিষয়ে অটোপাশের প্রস্তাবও বৈঠকে আলোচনা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য