সংসদের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে।
এর আগে বিকেলে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে পুনরায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা।
এরও আগে, সোমবার টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ওই কর্মসূচিতে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে বেলা সোয়া ১টার দিকে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে যান। সর্বশেষ তারা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সেখানে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য