{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চরমোনাই পীর

‘ফ্যাসিবাদের পতন হলেও জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি’

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পি.এম.
শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ায় জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের উত্তাল দিনগুলোতে আমরা আমাদের রাজনৈতিক অস্তিত্বকে হুমকির মুখে রেখেও রাজপথে অবস্থান নিয়েছি। চব্বিশের এই দিনেও বাইতুল মোকাররমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও মিছিলে আমি ও আমার যুবকর্মীরা ছিলাম। আমাদের ওপরও নির্বিচারে গুলি চালিয়েছিল স্বৈরাচারের পেটোয়া বাহিনী। আমি ও আমার দলের শীর্ষ নেতৃত্ব সকলেই সেদিন গুলির মুখে লড়াই করেছি। আমি সেদিনই বলেছিলাম, যত শক্তিশালীই হোক, ফ্যাসিবাদের পতন হবেই ইনশাআল্লাহ।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু যে লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্ম আন্দোলন করেছিল সেই লক্ষ্য পূরণ হয়নি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ অতীতের প্রতিটি অভ্যুত্থান, সংগ্রামের পরই দেশ এমন শক্তির হাতে গিয়েছে যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয়। শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়ার মতো ভুল বারবার করার কারণেই জাতির ভাগ্যে বারবার এমন হতাশা নেমে আসে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। কারণ, ইসলামী শরীয়াহ-র শাসনই প্রকৃত আদর্শ শাসন।

রোববার (১৯ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত স্বৈরাচার প্রতিরোধ দিবসে 'চেতনায় জুলাই' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন চরমোনাই পীর।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব ও অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, ইসলামী যুব অন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ঐক্যমত কমিশনে সংস্কার প্রস্তাব তৈরির সময় এনসিপি অনেক বিষয়ে বিএনপির পক্ষ নেয়ায় অনেক প্রস্তাবই চূড়ান্ত করা যায়নি। কিন্তু পরবর্তীতে নির্বাচনের সময় এনসিপি আবার বিএনপি বিরোধী শিবিরে যুক্ত হয়েছে, যা প্রতীয়মান করে জুলাই পরবর্তী নির্বাচনে পাতানো খেলা হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি সংসদে একজন বিএনপি নেতা বলেছেন নির্বাচনের জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছে, যা জাতির সাথে প্রতারণা। আমরা চাই সকল টালবাহানা বাদ দিয়ে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন ও সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। মানুষের পালস বুঝে মানুষের সাথে কৃত ওয়াদা পালন করুন অন্যথায় দেশ জাতি ও ইসলামের স্বার্থে আবারো রাজপথে নেমে আসব ইনশাআল্লাহ।

প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এখনো ভারতীয় দালালরা দেশের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। দেশ বাঁচাতে সবাইকে ভারতের দালালদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়ার সকল স্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। শুধুমাত্র ক্ষমতা নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলেও তাদের মধ্যে পতিত স্বৈরাচারের কিছু ছায়া লক্ষ্য করা যাচ্ছে। ছাত্র-জনতার রক্তের ওপর ক্ষমতায় আসার পর জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে পরিণতি হবে পতিত স্বৈরাচারের মতোই। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা দেশের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান নয়। প্রকৃত মুক্তি পেতে হলে যারা সততা ও স্বচ্ছতা নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে এমন আল্লাহভীরু নেতৃত্বকে সুযোগ করে দিতে হবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাই প্রমাণ করেছে দেশের তরুণদের মতামত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতার মসনদ কারো জন্য স্থায়ী নয়, সুতরাং অনতিবিলম্বে জুলাই সনদ দ্রুত কার্যকর ও জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানাই। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের দফতর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, নগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ, নগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফ, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাকসুদুর রহমান জুনায়েদ প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু। ছবি: সংগৃহীত
যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই
রাজনৈতিক বিবেচনায় কাউকে ফেলা রাখা মানবতার ওপর আঘাত: রিজভী
রাজনৈতিক বিবেচনায় কাউকে ফেলা রাখা মানবতার ওপর আঘাত: রিজভী
ছবি: সংগৃহীত
গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান