ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে গিয়ে মুম্বাইয়ের দাদার এলাকায় পুলিশের হাতে আটক হয়েছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান। পরে তাকে ওরলি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আয়েশা নিজেই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, দাদার এলাকায় শিক্ষার্থীদের একটি বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। আয়েশার অভিযোগ, কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় জড়িত না থাকা সত্ত্বেও পুলিশ তাকে জোর করে ভ্যানে তুলে নিয়ে যায়। এর আগে তার ভাই ও কয়েকজন বন্ধুকেও আটক করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চারজন নারী পুলিশ সদস্য অভিনেত্রীকে জোরপূর্বক পুলিশের ভ্যানে তুলছেন। এ সময় তিনি কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে পুলিশ কোনো উত্তর দেয়নি। একই ভিডিওতে আটক হওয়া আরেক শিক্ষার্থীকে নিজের গণিত পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায়।
পরে আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কেন তাকে আটক করা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় আয়েশা বলেন, “এখনো আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পুলিশ এসে আমাকে ভ্যানে তুলে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “আমাকে আটক করতে চারজন নারী পুলিশ সদস্য এসেছিলেন। কিন্তু কেন? আমি কি কোনো বিশৃঙ্খলা করেছি? কোনো উসকানিমূলক কাজ করেছি? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে কেন আমাকে আটক করা হলো?”
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের অনেক তারকাও আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করছেন, আবার কেউ আয়েশা খানের মতো সরাসরি রাজপথে নেমে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন।
ভিওডি বাংলা/তা









মন্তব্য