আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে প্রায় ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী এবং কয়েকজন সাবেক বন্দিও রয়েছেন। এ ঘটনার মধ্যেই পশ্চিম তীরে আরও বিস্তৃত সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলি সেনারা নাবলুসে অভিযান চালিয়ে এসব ফিলিস্তিনিকে আটক করে।
একই সময়ে পশ্চিম তীরের সালফিত গভর্নরেটের দেইর ইস্তিয়া গ্রামের ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে নতুন একটি বসতি (আউটপোস্ট) স্থাপন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
সম্প্রতি পশ্চিম তীরে সংঘটিত সহিংসতায় চার ফিলিস্তিনি গ্রামবাসী এবং দুই ইসরায়েলি নিহত হওয়ার পর পুরো অধিকৃত পশ্চিম তীরজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করে ইসরায়েল। সেই ঘটনার কয়েক দিনের মাথায় নতুন করে এই সামরিক অভিযান ও বসতি স্থাপনের ঘটনা ঘটল।
ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাল গ্রামে জোরপূর্বক প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয়।
এ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে চলমান সহিংসতার প্রেক্ষাপটে প্রয়োজন হলে ইসরায়েল 'আরও বিস্তৃতভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত'।
নাবলুসে অভিযান, নতুন বসতি স্থাপন এবং নেতানিয়াহুর এই বক্তব্যকে ঘিরে পশ্চিম তীরজুড়ে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা।









মন্তব্য