সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে না বাংলাদেশ ব্যাংক। তবে আগের কোনো ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত চালানোর পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের।
আরিফ হোসেন খান আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানভিত্তিক তদন্ত চলমান রয়েছে। এসব তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এর একদিন পর রোববার তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের বাসায় ওঠেন।
এদিকে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। তবে এ বিষয়ে সরকার এখনো আমলে নেওয়ার মতো কোনো উপাদান পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য ও অভিযোগ তুলে ধরতে পারে। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো বিষয় পায়নি, যা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে রাষ্ট্রপতির জন্য বিশেষ সুবিধা ও সুরক্ষার বিধান রয়েছে। দায়িত্ব ছাড়ার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সে অনুযায়ী সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেও নিরাপত্তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতির বিশেষ সুবিধা ও দায়মুক্তির বিধান কার্যকর রয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় সংসদে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের আগে তিনি প্রায় তিন বছর তিন মাস রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।
ভিওডি বাংলা/আ









মন্তব্য