• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কুমিল্লা মহিলা কলেজ

শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন

  কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১০:৩৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় আলোচনায় আসা কুমিল্লা সরকারি মহিলা কলেজে ছয় নতুন শিক্ষককে পদায়ন ও বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজটির সাত শিক্ষককে বদলির আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এ ঘটনায় বদলি হওয়া কয়েকজন শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তফা সারওয়ার খানকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি থেকে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে কর্মরত ছিলেন।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমানকে একই কলেজে পদায়ন করা হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি থেকে কুমিল্লার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে কর্মরত ছিলেন।

নবীনগর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মতিনকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালেদ ইকবাল জুয়েল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইসরাফুল ইসলাম ভূঁইয়া এবং বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাবিব উল্লাহকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদায়ন ও বদলি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বদলি হওয়া কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ না দিয়েই নতুন শিক্ষকদের পদায়ন করা হয়েছে। তাদের দাবি, জলাবদ্ধতার ঘটনার দায় শিক্ষকদের ওপর চাপানো হয়েছে, যা দুঃখজনক।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়। তাদের মধ্যে উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চিওড়া সরকারি কলেজে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়।

প্রসঙ্গত, কুমিল্লা নগরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বড় সমস্যা হিসেবে রয়েছে। গত ১৩ জুলাই সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় নগরে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অতিবৃষ্টিতে পুরো নগর পানিতে তলিয়ে যায়।

ওই দিন কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক শিক্ষার্থী ভেজা কাপড়েই কেন্দ্রে প্রবেশ করে তিন ঘণ্টা পরীক্ষা দেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে কলেজ কর্তৃপক্ষ।

পরে সাত শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেওয়া হলে গত শনিবার শিক্ষার্থীরা তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। এর পরদিনই নতুন ছয় শিক্ষক পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা