দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনজন অধ্যাপক দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে একজন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য এবং অপর দুজন ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইনের বিধান অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইবির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে উপ-উপাচার্য এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলীকে নিজ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার নির্ধারিত সময়ের মধ্যে যেটি আগে হবে, ততদিন তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া, উপাচার্য হিসেবে ড. জাকির হুসাইন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। অন্যদিকে, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এসব নিয়োগ বাতিল করতে পারবেন।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য