ভারতে পাচারকালে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুল্লাপাথর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬৫টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদা নদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় সালদা নদী বিওপির টহল দল কসবার শহীদ মিনারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি বড় আকারের পেপসেল টার্টল এবং ৬১টি সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে।
পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো সালদা নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সালদা নদী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অবমুক্তকরণ অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য