ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২

রাজধানীর কারওয়ান বাজারের দারোয়ান বাজার এলাকায় মাদক কারবার নিয়ে ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর সেখানে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে র্যাবের একটি দল দারোয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বা উদ্ধার হওয়া আলামতের বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত ১৯ জুলাই রাত ১০টা ৪৫ মিনিটে ভিওডি বাংলায় "কারওয়ান বাজারে ৬০ সেকেন্ডে ৬০ হাজার টাকার ইয়াবা বিক্রি" শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দারোয়ান বাজার এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা, সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য এবং স্থানীয়দের উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাবের অভিযানের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযানের খবরে মাদক কারবারের সঙ্গে জড়িত অনেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে এলাকাবাসী মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, একদিনের অভিযান নয়, নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হলে দারোয়ান বাজার থেকে মাদক কারবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
র্যাবের পক্ষ থেকে অভিযান-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য