শপথ গ্রহণ করলেন ডিএসসিসির পরিবহন ইউনিয়নের নবনির্বাচিতরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের সম্মিলিত পরিষদ ও একতা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) বিকালে রাজধানীর নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে তাঁরা সংগঠনের দায়িত্ব নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর তাঁরা শ্রমিকদের অধিকার রক্ষা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সেবার মান বৃদ্ধি করতে নবনির্বাচিত পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রেখে সদস্যদের স্বার্থ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, মহাব্যবস্থাপক , সচিব, ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, নব্য নির্বাচিত সভাপতি শাহ আলম তালুকদারসহ পরিবহন ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আর








মন্তব্য