ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৯২০

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ভয়াবহ এ দুর্যোগে হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৬ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ নিহতের সর্বশেষ সংখ্যা নিশ্চিত করেন। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভূমিকম্পে আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা রাজ্য। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে এবং দুর্গত মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে।
তবে উদ্ধারকাজের ধীরগতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক পরিবার অভিযোগ করেছে, ধসে পড়া ভবনের নিচে স্বজনরা আটকে থাকলেও পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জনবল এখনো পৌঁছায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পে শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দুর্যোগের প্রভাবে প্রায় ৬৮ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বিশেষ করে রাজধানী কারাকাসে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আফটারশক অব্যাহত থাকায় বহু মানুষ এখনো ঘরে ফিরতে সাহস পাচ্ছেন না। আন্তর্জাতিক রেড ক্রসের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেন, অব্যাহত কম্পনের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে।
গত বুধবার সন্ধ্যায় ভেনিজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরই সরকার সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজধানীর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র: বিবিসি/জা








মন্তব্য