কোয়ার্টার ফাইনালের আগে সুইস শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম সেরা পারফর্মার ইয়োহান মানজাম্বি গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না।
স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) কানসাস সিটিতে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, মানজাম্বিকে মাঠে ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি পুরোপুরি ফিট হতে পারেননি।
তিনি বলেন, “তাকে মাঠে ফেরানোর জন্য আমরা সবকিছু করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে, আগামীকালের ম্যাচ খেলার মতো অবস্থায় সে নেই।”
চলতি বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে সুইজারল্যান্ডের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মানজাম্বি। তবে শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জেতা ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি তিনি।
মানজাম্বির অনুপস্থিতিকে বড় ক্ষতি উল্লেখ করে ইয়াকিন বলেন, “জোহান অনেক ব্যথার মধ্যে আছে। বিষয়টি আমাদের সবার জন্যই ধাক্কা। সে দারুণ ছন্দে ছিল এবং মাঠে সবসময় আনন্দ নিয়ে খেলত।”
অন্যদিকে, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা জানিয়েছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে তাদের দলে বাড়তি কোনো উদ্বেগ নেই।
সম্প্রতি জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেমান মন্তব্য করেছিলেন, সুইস ফুটবলাররা নাকি মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন। তবে সেই মন্তব্য উড়িয়ে দিয়ে জাকা বলেন, “মানুষ কী বলছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়ে জবাব দিতে চাই।”
মেসিকে আটকে রাখার পরিকল্পনা নিয়েও কথা বলেন ইয়াকিন। তার মতে, আর্জেন্টিনার অধিনায়ককে যতটা সম্ভব বল থেকে দূরে রাখাই হবে দলের মূল লক্ষ্য।
তিনি বলেন, “বল আমাদের নিয়ন্ত্রণে থাকলে মেসিও খুব বেশি কিছু করতে পারবে না। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই এবং তাকে বল পাওয়ার সুযোগ কম দিতে চাই।”
তিনি আরও জানান, আর্জেন্টিনার বিপক্ষে দলগত পারফরম্যান্সই হবে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি।
৩৩ বছর বয়সী গ্রানিত জাকা এই ম্যাচকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারা গর্বের। তবে শুধু এখানে আসাই আমাদের লক্ষ্য নয়, আমরা সেমিফাইনালে উঠতে চাই।”
২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছিল সুইজারল্যান্ড। তবে এবার সেই ম্যাচের প্রতিশোধ নয়, বরং নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে জাকার দল।
কানসাস সিটির গরম আবহাওয়াকে কোনো অজুহাত হিসেবে দেখছেন না সুইস অধিনায়ক। তার ভাষায়, “কোয়ার্টার ফাইনালে উঠে আবহাওয়া নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের কোনো অজুহাতও নেই।”
মানজাম্বির অনুপস্থিতি সুইজারল্যান্ডের জন্য বড় ধাক্কা হলেও, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে দলগত নৈপুণ্যের ওপরই আস্থা রাখছে মুরাত ইয়াকিনের শিষ্যরা।
ভিওডি বাংলা/আ








মন্তব্য