• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৯:২২ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভায় আগামী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। 

একই সঙ্গে এ বিষয়ে যথাসম্ভব দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (ভার্চুয়ালি), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। 

স্থায়ী কমিটির সভায় দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে অঙ্গ সংগঠনসহ বিএনপির মূল দলের সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 

সভায় বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, চার্চের ফাদার ও বৌদ্ধ মন্দিরের সেবায়েতদের ভাতা প্রদানের কর্মসূচিসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সভায় সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশ দুটির অংশগ্রহণের প্রশংসা করা হয়। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সফরের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। এসময় সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। 

এ সময় দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে ইশতেহারে বর্ণিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় বিরোধী দল কর্তৃক জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানানো হয়। এ বিষয়ে বিএনপির দলীয় অবস্থান জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরার প্রক্রিয়া আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়। 

সভায় ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের জন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে অনুরোধ জানানো হয়। 

সভায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট দুই দেশকে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সভায় মত প্রকাশ করা হয়।

এ ছাড়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়। এতে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করা হয়। 

সভায় দেশে মাদকের ব্যাপক বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে আরও ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ, মুন্সিগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। 

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মেয়র মির্জা আব্বাস এবং স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁদের দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা
সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি