• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে হলুদ কার্ডেই কোটি টাকার জরিমানা গুনছে ব্রাজিল

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের লড়াই এখন শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, আর্থিক চাপের সঙ্গেও। মাঠে প্রতিটি হলুদ কার্ডের জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে এগিয়ে চলা সেলেসাওদের জন্য বিষয়টি নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

ফিফার শৃঙ্খলা বিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিশ্বকাপে কোনো খেলোয়াড় হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট জাতীয় ফুটবল ফেডারেশনকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ লাখ ৩৪ হাজার টাকার বেশি। ২০২৬ বিশ্বকাপ থেকেই নতুন এ নিয়ম কার্যকর হয়েছে।

শুধু হলুদ কার্ড নয়, আরও কিছু শাস্তিমূলক জরিমানার কথাও উল্লেখ রয়েছে ফিফার বিধিমালায়।

হলুদ কার্ডের জন্য জরিমানা ১০ হাজার সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৩৪ হাজার ৬৬ টাকা। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেলে জরিমানা ১৫ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ২৩ লাখ ১ হাজার ৯৯ টাকা। আর সরাসরি লাল কার্ড দেখলে গুনতে হবে ২০ হাজার সুইস ফ্রাঁ, যা প্রায় ৩০ লাখ ৬৮ হাজার ১৩২ টাকার সমান।

রাউন্ড অব ১৬ নিশ্চিত করার আগ পর্যন্ত ব্রাজিল দল মোট সাতটি হলুদ কার্ড পেয়েছে। এর ফলে সিবিএফকে এখন পর্যন্ত ৭০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭ লাখ টাকার বেশি।

ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ দলের অর্জিত প্রাইজমানি থেকে কাটা হবে না। সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনকে নিজস্ব তহবিল থেকেই জরিমানার টাকা পরিশোধ করতে হবে।

গ্রুপ পর্বে ব্রাজিল মোট পাঁচটি হলুদ কার্ড দেখে। মরক্কোর বিপক্ষে ইবানিয়েজ ও কাসেমিরো, হাইতির বিপক্ষে ডগলাস সান্তোস এবং স্কটল্যান্ডের বিপক্ষে দানিলো ও ফাবিনিহো হলুদ কার্ড পান।

এরপর রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে আরও দুটি হলুদ কার্ড দেখেন কাসেমিরো ও দানিলো।

তবে এসব হলুদ কার্ডের কারণে খেলোয়াড়দের রাউন্ড অব ১৬-এ খেলতে কোনো বাধা নেই। ফিফার এই শাস্তি আপাতত শুধু আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ।

অন্যদিকে দানিলো ও কাসেমিরো এখন নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। রাউন্ড অব ১৬ কিংবা কোয়ার্টার ফাইনালে তারা আরেকটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের নতুন ফরম্যাটের কারণে হলুদ কার্ড নীতিতেও পরিবর্তন এনেছে ফিফা। সদস্য ফেডারেশনগুলোর অনুরোধে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এবং কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে নকআউট পর্বে ওঠার পর খেলোয়াড়রা নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন। তবে রাউন্ড অব ৩২ থেকে রাউন্ড অব ১৬-এর মধ্যে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেষ ষোলোয় কে কার মুখোমুখি
ছবি: সংগৃহীত
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
ছবি: সংগৃহীত
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?