ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭১ জন।
বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হতাহতদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটি দেশটিতে আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। এর কম্পন বিস্তৃত অঞ্চলে অনুভূত হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। বিপুলসংখ্যক ভবন ধসে পড়ায় অঞ্চলটিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সরাসরি সম্প্রচারে দেখা গেছে, লা গুয়াইরার ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজে সেনাবাহিনী, জরুরি সেবা কর্মী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পের পরপরই বহু মানুষ নিরাপত্তার কারণে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও সড়কে আশ্রয় নিয়েছেন। পরাঘাতের আশঙ্কায় অনেকেই এখনও বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না।
এদিকে ভূকম্পন বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মূল ভূমিকম্পের পর কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত পরাঘাত অনুভূত হতে পারে।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/আ








মন্তব্য