• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৯:০৬ পি.এম.
দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন
ছবি: ভিওডি বাংলা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

​সভায় জানানো হয়, রোববার (২৮ জুন) অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ​৬-১১ মাস বয়সী এক লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ​১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আইইউ) খাওয়ানো হবে।​

২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার এক হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে প্রায় ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

​ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরেন।

ডা. জাহানে ফেরদৌস বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জাতীয় কর্মসূচি সফল করতে গণমাধ্যমসহ সব অংশীজনের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

​সভায় আশ্বস্ত করা হয় যে, সরকারের সরবরাহ করা ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষিত এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে, নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে নগরবাসীর সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান
ছবি: সংগৃহীত
গেন্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত
বিআরটিএ কার্যালয়ে দুই দালালের কারাদণ্ড