• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্রান্সকে ভয় নয়, ভয় পাওয়া উচিত স্পেনকে: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৮:১১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তাঁর দাবি, স্পেনকে ভয় পাওয়ার কথা ফ্রান্সের, স্পেনের নয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। এর আগে বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।

গত তিন বছরে এটি হবে স্পেন ও ফ্রান্সের তৃতীয় মুখোমুখি লড়াই। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন।

বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের ইয়ামাল বলেন, ‘ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেই দলটি আমরা। আমরা এর আগেও তাদের বিদায় করেছি। দুইবার হারিয়েছি। আমার বিশ্বাস, এই বিশ্বকাপের সেরা দুটি দল স্পেন ও ফ্রান্স। এখন দেখা যাক কী হয়। তবে আমাদের কোনো ভয় নেই।’

বিশ্বকাপে এটি স্পেনের ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম শেষ চারে উঠেছে তারা। অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ২০২২ সালের আসরে তারা রানার্সআপ হয়েছিল।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘পরবর্তী ম্যাচ নিয়েই এখন আমাদের পুরো মনোযোগ। আমরা প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও বিশ্বাস করি, ফ্রান্সকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে। এটি আরেকটি সেমিফাইনাল এবং এর আগেও আমরা তাদের বিপক্ষে সেমিফাইনালে সফল হয়েছি। ম্যাচটি খুব কঠিন হবে। এটি হবে শক্তি ও গতির লড়াই। জিততে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’

বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে অন্যতম শিরোপাপ্রত্যাশী ধরা হলেও এখন পর্যন্ত তারা পুরোপুরি নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করে স্পেন। পরে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা। অস্ট্রিয়াকে সহজেই হারালেও পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে জয় পেতে শেষ মুহূর্তের গোলের অপেক্ষায় থাকতে হয়। দুটি ম্যাচেই জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বিশ্বকাপের শেষ পর্বে ফিরেছেন ইয়ামাল। তাঁর মতে, প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলের কারণেই স্পেন সব সময় নিজেদের সেরা ফুটবল খেলতে পারছে না।

ইয়ামাল বলেন, ‘দেখে মনে হতে পারে আমরা দারুণ খেলছি না। কিন্তু আমাদের বিপক্ষে প্রায় সব দলই রক্ষণাত্মক ফুটবল খেলছে। কেউই সমানে সমান লড়াই করতে আসে না। তারপরও আমরা জিতছি, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে আমরা আনন্দিত। এখন আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া।’

বার্সেলোনার এই উইঙ্গারের বয়স সোমবার ১৯ বছরে পূর্ণ হবে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে একটি গোল করেছেন তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পর্তুগালের নতুন কোচ হচ্ছেন জর্জ জেসুস
ফাইল ছবি
১৮ জুলাই শুরু নতুন কুঁড়ি স্পোর্টস
ফাইল ছবি
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, পুলিসিচের পায়ের হাড়ে চিড়