• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফাতেমা সালাম

সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে পরিবেশ উন্নয়ন সংস্থা

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০২:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পরিবেশ সংরক্ষণ ও একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক সৈয়দা ফাতেমা সালাম বলেছেন, বৃক্ষরোপণ, খাল খনন, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং নগরাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তাদের সংগঠন সহযোগী হিসেবে কাজ করবে। 

তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষায় কোনো টেকসই পরিবর্তন সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা, প্রেক্ষিত ও আমাদের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিনের অগণতান্ত্রিক পরিস্থিতি কাটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

সৈয়দা ফাতেমা সালাম বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নদীর নাব্যতা ফিরিয়ে আনা, পরিবেশকে বাসযোগ্য করা এবং নগরায়ণের বিশৃঙ্খলা দূর করতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন। এছাড়া গ্রাম ও শিল্পাঞ্চলে বিদ্যুৎ সংকট দূর করতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিচ্ছেন, যাতে কোনো কলকারখানা বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও বলেন, বড় শহর ও নগরগুলোতে শব্দদূষণ এবং বায়ুদূষণ কমাতে সরকার যানবাহনকে ধীরে ধীরে বৈদ্যুতিক ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, পরিবেশ উন্নয়ন সংস্থা ২০০১ সাল থেকে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সংগঠনটি বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করলেও পরবর্তী সময়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। তবে সব বাধা অতিক্রম করেও সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পরিবেশ সংরক্ষণে সরকারের নির্ধারিত লক্ষ্যগুলো বাস্তবায়নে সংগঠনটি সর্বাত্মক সহযোগিতা করবে।

বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সৈয়দা ফাতেমা সালাম বলেন, শব্দদূষণ, বায়ুদূষণ, নদীদূষণ, জলবায়ু পরিবর্তন এবং কার্বন ডাই-অক্সাইডের প্রভাব বর্তমানে বড় উদ্বেগের বিষয়। পাশাপাশি বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় পরিবেশ সুরক্ষার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাসযোগ্য শহর ও দেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই পরিবেশ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তাঁকে পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের অন্যতম নেতৃত্ব হিসেবে উল্লেখ করে সৈয়দা ফাতেমা সালাম বলেন, মন্ত্রীর দিকনির্দেশনা অনুসরণ করে পরিবেশ উন্নয়ন সংস্থা দেশের পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে চায়।

তিনি বলেন, পরিবেশ সংক্রান্ত বর্তমান সরকারের সব কার্যক্রমে সহযোগী সংগঠন হিসেবে কাজ করার অঙ্গীকার করছে পরিবেশ উন্নয়ন সংস্থা।

ভিওডি বাংলা/খতিব/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৮ জুন থেকে পর্যটন ভিসা চালু করছে ভারত
ছবি: ভিওডি বাংলা
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে মাঠে প্রতিমন্ত্রী, জিগাতলা ও কুতুবখালীতে অভিযান